আর্জেন্টাইন সুপারস্টার মেসি প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে কান্নাভেজা বিদায় নিয়েছেন রোববার (৮ আগস্ট)।
মেসির বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্ত-সমর্থকরা।
এরই মধ্যে ‘রিয়ালের স্বার্থেই মেসিকে ধরে রাখার কোনো চেষ্টা করেনি বার্সা’, বিস্ফোরক এমন মন্তব্য খোদ বার্সা কমিশনের এক সদস্যের।
লিওনেল মেসিকে যে কোনোভাবেই হোক বার্সেলোনায় ধরে রাখবেন—বার্সেলোনার সভাপতি নির্বাচনের সময় এটাই ছিল হোয়ান লাপোর্তার অঙ্গীকার।
লাপোর্তা বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, লাভ হোক কিংবা ক্ষতি—মেসিকে তিনি বার্সেলোনায় ধরে রাখবেনই!
অন্য প্রার্থীরাও লিওনেল মেসিকে ধরে রাখার ব্যাপারে ছিলেন আত্মবিশ্বাসী।
এমন অঙ্গীকার শুনিয়ে মেসিতে ভর করে সভাপতি নির্বাচনের বৈতরণী অনায়াসেই পেরিয়ে গেছেন লাপোর্তা।
কিন্তু মার্চ মাসে দেওয়া কথা আগস্টেই ভেঙে ফেলেছেন।
শত চেষ্টাতেও মেসিকে আর ধরে রাখা যায়নি।
আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় বলে দিয়েছেন মেসি।
খুদে এই জাদুকরের বিদায়ের পরই বার্সেলোনাকে বিদায় বলে দিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা।
এস্পাই বার্সা কমিশনের সদস্য জমে ইয়োপিস মেসির বিদায়ের দিনই রোববার নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
তার ধারণা, মেসিকে যেতে দিয়ে রিয়াল মাদ্রিদের ইচ্ছা পূরণ করার সুযোগ করে দিয়েছেন লাপোর্তা।