আফগানিস্তানে কয়েকদিনের মধ্যে সরকার গঠনের আশা করছে তালেবান।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় এই গোষ্ঠীটি।
স্বীকৃতি আদায়ের চেষ্টাও চালাচ্ছে।
এ বিষয়ে তারা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কয়েকটি চ্যানেলকে কাজে লাগাচ্ছে।
ইতিমধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে।
যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তালেবানকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ডেইলি মেইল ও বিবিসির
তালেবানের অন্যতম মুখপাত্র মোহাম্মদ নায়েম আলজাজিরাকে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তালেবানের কয়েকটি সংযোগমাধ্যম (চ্যানেল) রয়েছে।
আমরা এসব চ্যানেল আরও সক্রিয় ও উন্নত করব।
তালেবানের মুখপাত্র আরও বলেন, আমরা (তালেবান) বিশ্বের সব দেশকে আহ্বান জানাচ্ছি, যেকোনো বিষয়ে আমাদের সঙ্গে বসুন।
আমরা নারী ও সংখ্যালঘুদের অধিকার ও আফগান নাগরিকদের বাকস্বাধীনতা রক্ষায় সব সময় সচেতন থাকব।