আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দেবে ভারত

আফগানিস্তানের শুধু হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়া হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভায় নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পূর্ব ঘোষণা অনুয়ায়ী আফগান হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেখতে বলছেন মোদি। খবর আনন্দবাজার পত্রিকার।

বৈঠকে মোদি বলেছেন, ভারত কেবলমাত্র নিজের দেশের নাগরিকদের রক্ষা করবে না। আফগানিস্তানে সংখ্যালঘু শিখ ও হিন্দুদের অবশ্যই আমাদের আশ্রয় দিতে হবে।

যে আফগান ভাইবোনেরা সাহায্যের জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন, তাদেরও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে হবে।

সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেবল আফগান হিন্দু ও শিখ শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। আশ্রয় দেওয়ার কথা না বললেও সাহায্যের প্রসঙ্গ তুলে মঙ্গলবার মোদি সেই বৃত্তে নিয়ে এলেন অন্য আফগান নাগরিকদেরও।

ভারতীয় বিমানবাহিনীর বিমানে মঙ্গলবার আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ১৪০ ভারতীয়। এর মধ্যে রয়েছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন, দূতাবাসের কর্মী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) কর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.