আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি উড়োজাহাজ থেকে পড়ে মারা যাওয়া দুই আফগান তরুণ সম্পর্কে আপন ভাই ছিলেন বলে জানা গেছে।
গত রোববার তালেবান বাহিনী কাবুল দখল করে। পরদিন সোমবার শত শত আফগান দেশ ছেড়ে পালাতে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দররে ভিড় শুরু করেন।
সোমবার যুক্তরাষ্ট্রের সি-১৭ সামরিক বিমানে উঠার সময় ‘হুড়োহুড়িতে’ পাঁচজন নিহত হন। পরে বিমানটি উড্ডয়নের পর দুই আফগান তরুণ নিচে পড়ে মারা যান।
তারা বিমানের চাকায় (ল্যান্ডিং গিয়ার) আশ্রয় নিয়েছিলেন।
তাদের পড়ে যাওয়ার সেই ভিডিও গোটা বিশ্ব দেখেছে। যা শিউরে ওঠার মতো দৃশ্য ছিল।
এছাড়া কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে আসা মার্কিন বিমানবাহিনীর ওই উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে।