ইরাক এবং সিরিয়ায় ভয়াবহ সংকটে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ।
এই দুই দেশে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ খাদ্য, পানি এবং বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হতে যাচ্ছে।
মানবিক সহায়তা বিষয়ক ১৩টি সংগঠনের সমন্বয়ে তৈরি একটি প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করেছে।
তীব্র পানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি, কম বৃষ্টিপাত এবং খরার কারণে ওই অঞ্চলের মানুষ খাবার পানি এবং কৃষিজমির জন্য ব্যবহৃত পানি থেকে বঞ্চিত হচ্ছে।
গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সিরিয়া।
আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার সমন্বয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃ্দ্ধির বিষয়ে সতর্ক করা হয়েছে।
তাপমাত্রা বাড়ার কারণে বিভিন্ন অঞ্চলের মাটি শুকিয়ে যাচ্ছে এবং খরার প্রবণতা বাড়ছে।