শতাধিক জীবন বাঁচিয়ে মৃত্যুকে আলিঙ্গন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের মরদেহ আগামী ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে দেশে আনা হতে পারে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এরইমধ্যে মরদেহ আনার সকল প্রস্তুতি শুরু করেছে বিমান।
বর্তমানে ক্যাপ্টেনের মরদেহ ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হয়েছে।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কাতার থেকে ঢাকাগামী বিমানের একটি ফিরতি ফ্লাইটে তার মরদেহ ভারতের নাগপুর থেকে দেশে আনা হবে।
বিমান সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ফ্লাইটের বিশেষ অনুমতি নিয়ে মরদেহ আনতে বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
পাশাপাশি ক্যাপ্টেন নওশাদের দুই বোনের করোনা টেস্টের রিপোর্ট পেতেও কিছুটা সময় লাগবে। তাই ২ সেপ্টেম্বর ভোরে মরদেহ আনার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।