যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাস্ট্রমন্ত্রীর

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাস্ট্রমন্ত্রীর। যুক্তরাজ্য সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ব্রিটিশ মূলধারার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য এই আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের কপথর্ণ হোটেলে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর জন্য ব্রিটিশ চেম্বার অব কমার্সের প্রতি আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে ফ্যাক্টরি থেকে শুরু করে যেকোনো ব্রিটিশ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

খুব শিগগিরই বাংলাদেশ থেকে শর্ট টার্ম ও দীর্ঘমেয়াদি ভিসা সিস্টেমে এক্সপার্ট মাইগ্রেশন পাঠানোর জন্য সুযোগ সৃষ্টি হবে।

ব্রেক্সিটের পর বাংলাদেশ হতে পারে ব্রিটেনের অন্যতম ব্যবসায়ী সহযোগী। বাংলাদেশের সঙ্গে ভারত ও চায়নার যোগাযোগ ভালো, সাউথ এশিয়ান অনেক দেশের সঙ্গে আমাদের যোগাযোগ ভালো, সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে ইনভেস্ট করুন।

তিনি বলেন, বাংলাদেশে খুব দ্রুত টিকা দেয়ার জন্য দেশেই টিকা তৈরির জন্য সিনোফার্মার সঙ্গে চুক্তি হয়েছে। বাংলাদেশের কোম্পানি ইনসেপ্টা মাসে ৪০ মিলিয়ন টিকা তৈরি করতে পারবে।

বাংলাদেশ ও ব্রিটেনের সম্পর্কের ৫০ বছরে কোভিড পরবর্তী নতুন অর্থনৈতিক ভিশন নিয়ে এ অনুষ্ঠানে বিবিসিসিআইয়ের লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট এএইচএম নুরুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিবিসিসিআই ইউকে প্রেসিডেন্ট বশির আহমেদ।

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তার বক্তব্যে বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরেন।

ব্রিটিশ চেম্বার অব কমার্সের সিইও রিচার্ড বার্গ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সম্ভাবনার নাম। বাংলাদেশের অগ্রগতি আমেরিকার চেয়ে দ্রুত বর্ধনশীল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রোটারিয়ান স্যার হুগো সোয়াইর কেসিএম, লর্ড শেখ, বিসিসিআইয়ের অ্যাডভাইজার শাহগীর বখত ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.