যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের কঠোর সমালোচনা করেছে চীন।
বেইজিং এই চুক্তিকে চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং সংকীর্ণমনস্কতার পরিচয় বলে অভিহিত করেছে।
ওই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
মূলত বিরোধপূর্ণ দক্ষিণ চীন সমুদ্রে বেইজিংয়ের প্রভাব খর্ব করতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ওই জোটটি আঞ্চলিক শান্তির মারাত্মক ক্ষতি সাধন করবে এবং অস্ত্র প্রতিযোগিতা জোরালো করে তুলবে।
তিনি এই চুক্তিকে অচল স্নায়ু যুদ্ধের মানসিকতা বলে অভিহিত করে বলেন তিনটি দেশই নিজেদের স্বার্থের ক্ষতি করলো।