বোলার সাকিবকে নিয়ে সংশয় ছিল না কখনো।
কিন্তু ব্যাটার সাকিব একটু হলেও দুশ্চিন্তার ভাঁজ ফেলেছিলেন। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রাণখুলে হাসেনি তার ব্যাট।
অবশ্য তাতে মিরপুরের স্লো ও ঘূর্ণি উইকেটেরও কিছু দোষ রয়েছে। এখানেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রাখে বাংলাদেশ।
সেই আত্মবিশ্বাস যে ঠুনকো ছিল তা প্রমাণ হয় প্রথম ম্যাচেই।
স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিতভাবে ৬ রানে হেরে যায় টাইগাররা। আত্মবিশ্বাসে টগবগে থাকা দল এক ধাক্কাতেই হয়ে পড়ে বিমর্ষ। বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠতে পারবে কি না তা নিয়েও জেগেছিল শঙ্কা।
এমন পরিস্থিতিতে অলরাউন্ডার সাকিব আল হাসানের জ্বলে উঠা ছিল খুব জরুরি।
আইপিএলে কয়েক ম্যাচ বসে থাকার পর খেললেন টানা ৫ ম্যাচ। কিন্তু সে অর্থে কিছু করতে পারেননি।
হ্যাঁ কম রানআপের বোলিংয়ে বেশ আঁটসাঁট ছিলেন বটে।
কিন্তু নামের পাশে ছিল না উইকেটের ফুলঝুড়ি।
আর ব্যাটিংয়েও কিছু করার সুযোগ হয়ে উঠেনি।
স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশা ছিল ব্যাটিংয়ের সেই জ্বালা মেটাবেন। কিন্তু ধীরলয়ে ইনিংসে উল্টো সমালোচিতই হতে হয়েছে।