শারজাহ স্টেডিয়ামের প্রেসবক্স থেকে মাঠ যেন নিঃশ্বাস দূরত্বে।
এই তো চোখের সামনেই মুস্তাফিজুর রহমান নেটে বোলিং করছেন, নুরুল হাসান সোহান কিপিং অনুশীলন করছেন।
মূল মাঠের বাইরে আলাদা নেটে চলছিল ব্যাটিং অনুশীলন।
ঐতিহ্যবাহী শারজাহ স্টেডিয়ামের মিনি প্রেসবক্সে গতকাল বাংলাদেশের সাংবাদিকরাই বসার জায়গা পাচ্ছিলেন না। একটা সময় আইসিসির মিডিয়া বিভাগ থেকে প্রেসবক্সই ছেড়ে যেতে বলা হয় সাংবাদিকদের।
বিষয়টা নিয়ে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে দুই পক্ষের মধ্যে।
শেষ পর্যন্ত জায়গা ছাড়তে হয়েছে সাংবাদিকদের।
তাই টাইগারদের অনুশীলনের পুরোটা দেখা পাননি সাংবাদিকরা।
তবে বাংলাদেশ দলের অনুশীলন খুব অপরিচিত কিছু নয় ক্রিকেটে নিয়মিত রিপোর্টিং করা সাংবাদিকদের।
আজ বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের মিশনও শুরু হচ্ছে চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে।
শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচ।