ক্যাচ মিস তো ম্যাচ মিস- চিরকালীন সেই ক্রিকেটীয় প্রবচনকে সত্য বানিয়ে দেখালো বাংলাদেশ।
জোড়া ক্যাচ মিস করে ম্যাচটাও হাতছাড়া করলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আজ শারজায় শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছিল টাইগাররা। ৭৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে একটা সময় জয়ের সুবাসও পাচ্ছিল।
কিন্তু জোড়া ক্যাচ মিসের পরই ম্যাচ ঘুরে যায় লঙ্কানদের দিকে।
এরপর বোলারদের উদারতায় আর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
লিটন দাস যে দুজনের ক্যাচ মিস করেছেন, সেই চারিথ আসালাঙ্কা আর ভানুকা রাজাপাকসেই ম্যাচ হাতে তুলে দিয়েছেন লঙ্কানদের।
৫ উইকেট আর ৭ বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কা।
আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। সুপার টুয়েলভপর্বে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো টাইগার বাহিনী।