সর্বশেষ কবে ঘর ছেড়েছিল ভারতীয় ক্রিকেটাররা?
সেই জুনের প্রথম সপ্তাহে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ইংল্যান্ড রওয়ানা হয়েছিল বিরাট কোহলি অ্যান্ড কোং।
এরপর প্রায় ৫ মাস হতে চললো, ঘরে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেটাররা।
সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ভারতীয় ক্রিকেটারদের প্রায় মাস খানেক অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডে। এরপর স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
যদিও চারটি খেলার পর পঞ্চমটি না খেলেই আরব আমিরাতে চলে এসেছিল ভারতীয় ক্রিকেটাররা।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি করোনার অজুহাতে খেলেনি বিরাট কোহলিরা।
সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হয়েছিল আইপিএলের আরব আমিরাত পর্ব।
এর মধ্যে প্রায় পুরো সময়টাই ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ডে ছিলেন বায়ো-বাবলের মধ্যে।
সেখান থেকে আরব আমিরাতে এসেও বায়ো-সিকিউরড বাবলের মধ্যে তাকতে হয়েছে কোহলি-রোহিত-বুমরাহদের। প্রায় এক মাসের এই অভিযাত্রা শেষে ভারতীয় ক্রিকেটাররা নেমে পড়লো বিশ্বকাপ অভিযাত্রায়। এখানেও কঠোর বায়ো-বাবল।
বের হওয়ার কোনো সুযোগ নেই। এক প্রকার বন্দী থেকেই ক্রিকেট খেলে যেতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের।
লম্বা সময় বায়ো-বাবলের অসহনীয় বন্দিত্বের মধ্যে থাকা এবং টানা ক্রিকেট খেলে যাওয়ার পর ভারতীয় দলের হয়েছে শোচনীয় অবস্থা।
পাকিস্তানের সঙ্গে ১০ উইকেটে পরাজয়ের পর নিউজিল্যান্ডের কাছেও তারা হারলো ৮ উইকেটে।
সবচেয়ে বড় কথা, ব্যাটাররা রানই করতে পারেনি। ১১০ রানে থেমে গেছে কোহলিদের ইনিংস।