প্রথমে শ্রীলঙ্কা, তারপর ইংল্যান্ড এবং সবশেষে ওয়েস্ট ইন্ডিজ- তিন খেলার সবগুলোতে হার।
এর মধ্যে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে জিততে হেরে যাওয়া, জয়ের সম্ভাবনা জাগিয়েও লক্ষ্যে পৌঁছতে না পারা।
সেই না পারা অবশ্যই ব্যর্থতার, গ্লানির।
প্রথম ইনিংসে ১৭১ রান করে এবারের বিশ্বকাপে হারেনি কোন দল।
শুধু বাংলাদেশই পারেনি সেই পুঁজিকে জয়সূচক পুঁজিতে রুপান্তরিত করতে।
যা অবশ্যই হতাশার। আর ক্যারিবীয়দের বিপক্ষে পরাজয়টা অন্যরকম আফসোসের। লক্ষ্য ছিল মাত্র ১৪৩ রান।
অথচ সেই সামান্য কটা রান করতে না পারার বেদনায় দগ্ধ হতে হয়েছে।
যেখানে পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকান উইলোবাজরা শেষ দিকে হাত খুলে বিগ হিট নিয়ে কঠিন হিসেবকে সহজ করে জিতে গেছে।
সেখানে বাংলাদেশ প্রথমে বাছাইপর্বে স্কটল্যান্ড আর মূলপর্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ ওভারে গিয়ে যথাক্রমে ৬ ও ৩ রানের হারের আক্ষেপে মাঠ ছেড়েছে।