কী অসাধারণ ক্রিকেট উপহার দিচ্ছে নিউজিল্যান্ড!
এখন বিশ্বকাপ মানেই যেন ফাইনালিস্ট একটি দলের নাম নিউজিল্যান্ড।
এবারও তারা সেটা প্রমাণ করলো। শক্তিশালী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ব্ল্যাক ক্যাপসরা।
ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল এবং জিমি নিশামের ঝড়ো ব্যাটিংয়েই ১ ওভার হাতে রেখে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৬৬ রানের বাধা অতিক্রম করে গেছে কিউইরা।
শেষ দুই ওভারে প্রয়োজন ২০ রান। সেট হওয়া ব্যাটসম্যান ড্যারিল মিচেল ছিলেন উইকেটে।
ইংলিশ বোলার ক্রিস ওকস। তাকে দুটি ছক্কা এবং একটি বাউন্ডারি মারলেন মিচেল। সিঙ্গেল ২টি এবং ডাবল নিলেন ১টি।
ওভারের শেষ বলটিকে ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে বিজয়ের উল্লাসে মেতে ওঠেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।