করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন দর্শক শূন্য ছিলো বাংলাদেশের ক্রীড়াঙ্গন।
তবে সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে।
১৯ নভেম্বর হতে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি।
এখনও আনুষ্ঠানিক ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে পুরো গ্যালারির টিকিট অবশ্য এবার ছাড়বে না বিসিবি।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করানোর পরিকল্পনা রয়েছে তাদের।
সেই সঙ্গে যাদের করোনার সার্টিফিকেট রয়েছে অর্থাৎ যারা করোনার দুই ডোজ টিকা দিয়েছেন তারাই কেবল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের খেলাগুলো মাঠে বসে দেখতে পারবেন।
তবে কবে থেকে টিকিট ছাড়া হবে বা কোথায় পাওয়া যাবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রাবিদ ইমাম।
গত কয়েকদিন আগে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালোর দিকে।
বিধিনিষেধও নেই কোথাও। তাই মাঠে দর্শক ফেরাতে মরিয়া বিসিবি।