ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে।
সেই পরিপ্রেক্ষিতে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।
সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার থেকে পরবর্তী এক সপ্তাহ বন্ধ থাকবে রাজধানীর সব স্কুল।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্যাংকক পোস্ট।
শনিবার রাজ্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, সোমবার থেকে স্কুল বন্ধ থাকবে, শিশুরা যেন দূষিত বায়ু নিজেদের ভেতরে না নেয়।
বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত নগরীর মধ্যে দিল্লি অন্যতম।
প্রতি বছর শীত মৌসুম আসলেই শহরটির বিভিন্ন কল-কারখানা ও গাড়ির ধোঁয়া অস্বাভাবিক হারে বেড়ে যায়।
এছাড়া শহরের আশপাশের এলাকায় কৃষকরা তাদের জমিতে নষ্ট হয়ে যাওয়া ফসল পুড়িয়ে থাকেন। যার প্রভাবে দিল্লির বায়ু মারাত্মকভাবে দূষিত হয়।