দেশের সবচেয়ে স্বাস্থ্যকর পর্যটন নগরী কক্সবাজারকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে নানামুখী কাজ করছে সরকার। অদূর ভবিষ্যতে আকাশপথে কক্সবাজার নামা যাবে সমুদ্র ছুঁয়ে। স্টেডিয়ামে বসে দেখা যাবে সমুদ্রসৈকত। যাওয়া যাবে রেলপথেও।
আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু করতে চায় সরকার। ডুয়েলগেজ ডাবল লাইনের নির্মাণকাজ প্রায় ৬০ শতাংশ শেষ।
বাকি কাজ আগামী বছরের জানুয়ারির মধ্যে শেষ করে চেষ্টা চলছে ডিসেম্বরের মধ্যে ট্রেন চলাচল শুরু করার।
এই রুটে ১৫০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক লোকোমোটিভ ও যাত্রীবাহী কোচ।
এসব কোচ আনা হচ্ছে আমেরিকা ও কোরিয়া থেকে।
ট্রেন চলাচল শুরু হলে মাত্র সাড়ে ৪ ঘণ্টায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এই রুটের নির্মাণকাজ শেষ হলে ঢাকা থেকে কক্সবাজার রেললাইন হবে ৪৭০ কিলোমিটার।
নতুন লোকোমোটিভের সক্ষমতা ঘণ্টায় ১৫০ কিলোমিটার হলেও ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটের লাইনে সর্বোচ্চ ১৩০ বা ১৪০ কিলোমিটার বেগে চলতে পারবে।
সেই হিসেবে বিরতিসহ ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে সাড়ে চার ঘণ্টা বা তার একটু বেশি সময় লাগবে।
আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে বলে কাছে আশা প্রকাশ করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা।