প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
২০১০ সালের আসরে ফাইনালে ইংলিশদের বিপক্ষে হারের পর এবারই ফাইনাল খেলেছে অজিরা, তাতেই বাজিমাৎ করেছে নিউজিল্যান্ডকে হারিয়ে।
দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে কিউইদের দেয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় অজিরা।
অথচ বিশ্বকাপে অজিরা মোটেও ছিল না ফেভারিটের তালিকায়।
গত সাত আসরের একবার ফাইনাল খেলা অজিদের নিয়ে বড় কিছুর আশাও করেনি কেউ। করার কারণও নেই কারণ, বিশ্বকাপে আসার আগে বাংলাদেশ সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল ৪-১ ব্যবধানে।
বড় ব্যবধানে সিরিজ হারের ধাক্কা নিয়ে অ্যারন ফিঞ্চের দল পা রাখে আরব আমিরাতে। আসরের সুপার টুয়েলভ পর্বে চারটি ম্যাচ জিতেও সেমি ফাইনাল খেলা নিয়ে ভয় ছিল সমীকরণের মারপ্যাঁচে পড়ে।
এখানেই বড় ভূমিকা ছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা।
ওই ম্যাচে বাংলাদেশকে মাত্র ৭৩ রানে অল-আউট করে ৬.২ ওভারে ম্যাচ জিতে নেয় অজিরা। তাতে নেট রান রেট বেড়ে যায় অনেকটা।
এই রানরেট শেষ পর্যন্ত এগিয়ে নেয় সেমির পথে।
ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েও অজি অধিনায়ক ফিঞ্চ টেনে আনলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির কথা বলেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপ জয়ের অন্যতম টার্নিং পয়েন্ট।
“প্রথমত টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতা বিশাল অর্জন।
সতীর্থরা পুরো আসরে যেভাবে লড়াই করেছে সেজন্য আমি গর্বিত।
বাংলাদেশের বিপক্ষে জয়টা আমাদের টার্নিং পয়েন্ট। তখন আমাদের পিঠ দেয়ালে ঠেকেছিল। আমাদের শক্তভাবে ফিরতে হতো এবং দল ও ব্যক্তিগত পারফরম্যান্সে আমরা সেটাই করেছি।”