বুধবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অবসরের ঘোষণা দিয়ে রিয়াদ বলেন, টেস্ট দলে ফেরার পর আমাকে সমর্থন করায় বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা।
আমার টেস্ট সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা এবং আমাকে সব সময় সমর্থন জোগানোর জন্য সতীর্থ ও কোচিং স্টাফের সবার প্রতি কৃতজ্ঞ।
দেশের হয়ে টেস্ট খেলতে পারা পরম সম্মান ও সৌভাগ্যের বিষয়। এই স্মৃতি আমি সব সময় মনে রাখব।
রিয়াদ আরও বলেন, যে সংস্করণে এতদিন ধরে খেলেছি সেটি ছেড়ে দেওয়া সহজ নয়।
সব সময় এটি নিয়ে চিন্তা করেছি। আমি মনে করি এটাই আমার টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর সঠিক সময়।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরে দেড়শ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ।
তখনই তিনি অবসরের কথা জানান সতীর্থদের।
ওই ম্যাচ চলাকালে বা ম্যাচ শেষেও রিয়াদ অবসরের ব্যাপারে কোথাও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর গুঞ্জন ওঠে মাহমুদউল্লাহ টেস্ট থেকে বাদ পড়ছেন।
সেই গুঞ্জন সত্যিও হয় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর, পরের টেস্ট থেকে বাদ পড়েন।