বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, সারাদেশে বিমান পরিবহন অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণের কাজ চলছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ ২১টি অত্যাধুনিক উড়োজাহাজ সমৃদ্ধ বহরের অধিকারী।
দেশের পর্যটন শিল্পের গুণগতমানের উন্নয়নের জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দ্রুত প্রবৃদ্ধি লাভ করছে দেশের এভিয়েশন ও পর্যটন শিল্প।
এ দুটি শিল্পে বেড়েছে বিনিয়োগ। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়ে বাড়ছে দেশের আকাশ পথের পরিধি।
সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের অপেক্ষাগারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব আলী।