টি-টোয়েন্টির পর এক দিনের ক্রিকেটের অধিনায়কত্বও হারিয়েছেন বিরাট কোহলি।
তাকে সরিয়ে রোহিতকে ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই।
তবে জানা গেছে অনেকটা জোড় করেই অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে কোহলিকে। কারণ তিনি অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না কোহলি।
তাকে নেতৃত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। এরপরেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় নতুন অধিনায়কের নাম।
যদিও এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোহলিকে নেতৃত্ব থেকে সরানো নিয়ে কোনও কিছুই বলা হয়নি।
প্রায় হঠাৎ করেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়, টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলি জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন না তিনি।
সেই মোতাবেক বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পরপরই রোহিতকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করে বোর্ড।
এর ঠিক এক মাসের মাথায় রোহিতের হাতে তুলে দেওয়া হয়েছে ওয়ানডে দলের নেতৃত্বও।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ভারতের ওয়ানডে অধিনায়কের দায়িত্বও পালন করবেন রোহিত। এতে প্রায় হঠাৎ করেই সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব হারালেন কোহলি।