করোনাভাইরাস দুর্যোগে মন্দা গেছে দেশের পর্যটনশিল্প। দীর্ঘ বন্ধের পর চলতি বছরের আগস্টের শেষ সময় হতে খুলেছে হোটেল-মোটেলসহ পর্যটনস্পট।
এরপরই বিজয় দিবস ঘিরে টানা ছুটির ফাঁদে পড়েছে দেশ।
চলতি পর্যটন মৌসুমে এ সুযোগকে কাজে লাগাতে ভ্রমণপ্রিয়রা কক্সবাজার আসছেন। বিজয় দিবস ও সপ্তাহিক মিলে টানা তিনদিনের ছুটি উপলক্ষে কক্সবাজারে পাঁচ লাখের বেশি পর্যটক উপস্থিতির আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
এ তিনদিনে প্রায় ৫০০ কোটি টাকার বাণিজ্য হতে পারে বলেও আশা করছেন তারা।
ব্যাপক উপস্থিতির কথা চিন্তা করে নিরাপত্তা বলয় তৈরির উদ্যোগ নিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।
নিরাপত্তার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, তথ্যসেবা, পানীয় জলের ব্যবস্থাসহ নানা সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
হোটেল মালিকদের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান জানান, টানা ছুটিকে টার্গেট করে এক সপ্তাহ আগে থেকে আগাম বুকিং হয়ে আছে পর্যটনকেন্দ্রিক সাড়ে চার শতাধিক হোটেল-মোটেল-রিসোর্ট।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সর্তক অবস্থায় দায়িত্বপালনে প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ।
মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশও।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটনস্পটগুলো।
ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে দ্রুত সাধারণ চিকিৎসা ও খাবার পানির ব্যবস্থা রয়েছে।
