জানুয়ারী মাসে কিছু যাত্রীবাহী ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে ক্যাথে প্যাসিফিক। পরিচালন ও ভ্রমণ নিষেধাজ্ঞাসহ কভিডজনিত কোয়ারেন্টিন বিধি কঠোর করায় এমন সিদ্ধান্ত নিয়েছে হংকংয়ের রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর রয়টার্স।
বিস্তারিত বিবরণ না দিয়ে একটি বিজ্ঞপ্তিতে ক্যাথে প্যাসিফিক বলেছে, নতুন সংকুচিত সময়সূচির ফলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হবে।
ফ্লাইট বাতিল হতে যাওয়া রুটগুলো সম্পর্কে মন্তব্য করার জন্য উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানটি রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। তবে একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, বাতিলের তালিকায় অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে দূরপাল্লার ফ্লাইট রয়েছে।
ক্যাথে প্যাসিফিকের অস্ট্রেলীয় ওয়েবসাইটে বলা হয়েছে, জানুয়ারিতে সংস্থাটি কেবল হংকং থেকে সিডনিতে ফ্লাইট পরিচালনা করবে। মেলবোর্ন, ব্রিসবেন বা পার্থে কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না।
সংস্থাটি ডিসেম্বরে প্রাক-কভিড পর্যায়ের ১২ শতাংশের বেশি ফ্লাইট পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছিল। চলতি মাসেও অনেক ফ্লাইট বাতিল করেছে ক্যাথে। হোটেল কক্ষে পাঁচ সপ্তাহ আটকে থাকা কঠোর বিধান পালনের জন্য যথেষ্ট ক্রু সদস্য পাওয়া যায়নি।