ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউজের নথি প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের প্রতি এ আহ্বান জানান ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ ওঠে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রসমর্থকরা এ হামলা চালায়। ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের উসকানিমূলক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা। ওই সহিংসতার ঘটনার তদন্ত করছে কংগ্রেসনাল কমিটি। তদন্তের অংশ হিসেবে হোয়াইট হাউজের কাছ থেকে কিছু নথি চেয়েছে তারা।
চলতি মাসে ফেডারেল আপিল আদালতও নিম্ন আদালতের সঙ্গে নথি প্রকাশের রায়ে অনুমতি দেওয়ার একমত পোষণ করেন।
পরে ট্রাম্পের আইনজীবীরা আপিল করেন সুপ্রিম কোর্টে।
সেখানে তারা যুক্তি দেখান যে, একজন সাবেক প্রেসিডেন্টের মেয়াদোত্তীর্ণের পরও এসব নথিপত্র বিশেষ নির্বাহী অধিকার দ্বারা সংরক্ষিত।