বিপিএলের জট খুলেছে আগেই। দল কতগুলো? কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে? প্লেয়ার্স ড্রাফট কবে? শুরুর দিনক্ষণ- এসব জানা হয়ে গেছে।
মোটকথা, বেজে গেছে এবারের বিপিএল ঢংকা।
খুব নীরবে-নিভৃতে শেষ হয়েছে ছয় দলের অটো চয়েজের কাজও।
আগেই জানা, এবার কোনো আইকন নেই।
প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিদল তিনজন করে বিদেশি আর একজন করে স্থানীয় ক্রিকেটার দলে নিয়ে রাখতে পারবে।
অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর যে প্লেয়ার্স ড্রাফট হবে, তার আগেই ছয় দল একজন করে স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে পারবে।
অনেকেরই ধারণা ছিল, সেই ছয়জন হবেন ‘এ’ ক্যাটাগরি থেকে।
তবে পাঠকদের আগেই জানা, যে কোনো ক্যাটাগরি থেকে একজন করে স্থানীয় ক্রিকেটার ড্রাফটের আগেই অটো চয়েজে দলে নেওয়া যাবে।
সেই তালিকায় অনেক আগেই উঠে এসেছে সাকিব আল হাসানের নাম।
সে সঙ্গে গত ৪৮ ঘণ্টায় শোনা গেছে মোস্তাফিজুর রহমান আর নাসুম আহমেদের নামও।
সাকিব বরিশালের অটো চয়েজ।
নাসুম চট্টগ্রামের অটো চয়েজ আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেভাগেই পেসার মোস্তাফিজকে নিশ্চিত করে রেখেছে।
এর বাইরে বাকি তিন দল ঢাকা, খুলনা ও সিলেটও পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে। সে তালিকায় মুশফিকুর রহিমের নাম থাকলেও নেই ‘এ’ ক্যাটাগরির তিন শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।