ভারি তুষারপাতের কারণে জাপানে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে তীব্র তুষারপাতের পর ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় এয়ারলাইনস কর্তৃপক্ষ।
সোমবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এএনএ হোল্ডিংস তাদের ৭৯টি ফ্লাইট বাতিল করেছে।
এতে পাঁচ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া।
তাছাড়া জাপান এয়ারলাইনস কো (জেএএল) ৪৯টি ফ্লাইট বাতিল করেছে। যা দুই হাজার ৪৬০ জন যাত্রীকে সরাসরি প্রভাবিত করেছে।
এয়ারলাইনসটির অপারেশন বিভাগের একজন প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশে দেশে।
এর নেতিবাচক প্রভাব পড়েছে বড়দিনের উৎসবেও।
বন্ধ হয়েছে শত শত ফ্লাইট।
সবশেষ রোববার বিশ্বব্যাপী ১৫০০ ফ্লাইট বাতিল হয়।
উৎসবকে কেন্দ্র করে যাদের ভ্রমণ করার পরিকল্পনা ছিল বেশি বিপদে পড়েন তারা।