করোনা সংক্রমণ মোকাবিলায় দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় চলাচলকারী বিমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে কড়াকড়ি আরোপ করেছিল তাতে কিছুটা শিথিলতা আনা হয়েছে।
আগের সিদ্ধান্ত পরিবর্তন করে জানানো হয়েছে, দুদিন নয়, সপ্তাহে তিনদিন দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় বিমান ওঠানামা করতে পারবে।
ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে এ সংক্রান্ত এক চিঠিতে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা।
বুধবার থেকেই এ নতুন নির্দেশিকা কার্যকর হবে বলেও জানান তিনি।
নির্দেশিকা অনুযায়ী, প্রতি সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় বিমান ওঠানামা করতে পারবে।
রাজ্যে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় বিমান চলাচলে গত রোববার সচিবালয়ে বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার।
ওইদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে নতুন করে কঠোর বিধিনিষেধ জারির ঘোষণা দেন।
তিনি জানিয়েছিলেন, সোমবার থেকে কলকাতা বিমানবন্দরে মুম্বাই ও দিল্লি থেকে সপ্তাহে দুটি ফ্লাইট ওঠানামা করতে পারবে।
তবে এ ঘোষণার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্তে বদল আনলো রাজ্য সরকার।