করোনাভাইরাসের নতুন অতিসংক্রামক ধরন ওমিক্রন স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর আবারও কঠোর বিধিনিষেধ জারি করেছে হংকং।
এর মধ্যে রয়েছে আটটি দেশের সঙ্গে ফ্লাইট বাতিল, বার-জিম বন্ধ, রাতের বেলা রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া নিষিদ্ধের মতো একগুচ্ছ পদক্ষেপ।
বিশ্বের অন্যতম ব্যবসায়িককেন্দ্রে নতুন করে বিধিনিষেধ জারি হওয়া বিশ্বঅর্থনীতিতে আরেকটি বড় আঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মূল ভূখণ্ডের মতো চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংও মহামারির শুরু থেকেই কঠোর করোনাবিধি মেনে চলেছে। কার্যত সীমান্ত বন্ধ, কয়েক সপ্তাহের কোয়ারেন্টাইন, এলাকাভিত্তিক লকডাউন, গণহারে করোনা পরীক্ষার মতো ব্যবস্থা নিতে দেখা গেছে তাদের।
গত মঙ্গলবার পর্যন্ত শহরটিতে ১১৪ জনের শরীরে ওমিক্রন করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদের বেশিরভাগই পাওয়া গেছে বিমানবন্দরে অথবা ২১ দিন কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়।
কিন্তু সম্প্রতি ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনের এক কর্মীর সূত্র ধরে সেখানে ছোটখাটো গুচ্ছসংক্রমণ শনাক্তের পর কঠোর বিধিনিষেধ আরোপের দাবি ওঠে।