চরম আর্থিক সংকট কাটাতে এবার চীনের কাছে সহায়তা চাইলো শ্রীলঙ্কা। বেইজিংয়ের কাছে বিপুল অংকের ঋণের কিস্তি পুনর্বিবেচনা এবং আমদানি ব্যয় মেটাতে অগ্রাধিকার ভিত্তিতে আরও আর্থিক সহযোগিতা চেয়েছে কলম্বো।
গত রোববার শ্রীলঙ্কা সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র কাছে এই অনুরোধ জানিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
চীনা অতিথিকে লঙ্কান প্রেসিডেন্ট বলেছেন, করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক সংকটের সমাধান হিসেবে ঋণ পরিশোধ পুনর্বিবেচনা করলে তা শ্রীলঙ্কাকে বড় স্বস্তি দেবে।
রাজাপাকসের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, লঙ্কান প্রেসিডেন্ট চীনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে পণ্য আমদানির জন্য রেয়াতি ঋণ সুবিধা চেয়েছেন, যেন দেশটির শিল্পগুলো নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যেতে পারে।
এছাড়া, নিরাপদ এয়ার বাবল চালুর মাধ্যমে চীনা পর্যটকদের শ্রীলঙ্কা ভ্রমণে সহায়তার জন্যেও অনুরোধ জানিয়েছেন তিনি।
পরে ইয়াং ই এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে কলম্বোর বন্দর শহর পরিদর্শন করেন।
সেখানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬৫ বছরপূর্তি উপলক্ষে ৬৫টি নৌকা উদ্বোধন করেন তারা।