ভারতের বিরুদ্ধে মামলার দাবি যুক্তরাষ্ট্রে
চাল ও গম চাষে কৃষকদের মাত্রাতিরিক্ত ভর্তুকি দেওয়ার অভিযোগে ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) মামলা করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল শীর্ষ আইনপ্রণেতা।
সম্প্রতি মার্কিন কংগ্রেসের ২৮ সদস্য বাইডেন প্রশাসনের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানিয়েছেন।
শুক্রবার বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।
ডব্লিউটিও’র নীতি লঙ্ঘন করে ভারত গম চাষে মোট ব্যয়ের অর্ধেকের বেশি ভর্তুকি দেওয়ায় মার্কিন চাষিরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন অভিযোগ করে অনেকদিন থেকেই এটি বন্ধের দাবি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রের গম রপ্তানিকারকদের সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েটস।
মার্কিন আইনপ্রণেতারাও এ নিয়ে সোচ্চার হওয়ায় বিষয়টিকে স্বাগত জানিয়েছে তারা।
চিঠিতে মার্কিন আইনপ্রণেতারা বলেছেন, যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদকরা প্রতিযোগীদের তুলনায় স্পষ্টতই পিছিয়ে রয়েছে, বিশেষ করে ভারতের। সেখানকার সরকার চাল ও গম উৎপাদনে মোট ব্যয়ের অর্ধেকরও বেশি ভর্তুকি দিচ্ছে, যেখানে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মানুসারে সর্বোচ্চ ১০ শতাংশ গ্রহণযোগ্য।