করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে শুরু থেকেই নানা জটিলতার মুখোমুখি ভারত।
ভ্যাকসিন গ্রহণের জন্য মানুষ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পাশাপাশি নানা দুর্ভোগ পোহাচ্ছে।
এমন পরিস্থিতি নিরসনে খোলা বাজারে ভ্যাকসিন বিক্রির কথা ভাবছে দেশটির সরকার।
ভারতের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে শর্ত সাপেক্ষে হাসপাতাল ও ক্লিনিকে মিলছে করোনা ভ্যাকসিন। তবে ভারতীয় সরকার খোলা বাজারেও বিক্রি করতে চায় কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের ডোজ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) খোলা বাজারে ভ্যাকসিন বিক্রির ছাড়পত্র দিয়েছে বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
খবর অনুযায়ী এই দুই টিকার দামও সরকার বেঁধে দিয়েছে ডিসিজিআই। সর্বোচ্চ দাম ২৭৫ রুপি।
তার সঙ্গে যুক্ত হবে ১৫০ রুপি সার্ভিস চার্জ।
তবে খোলা বাজারে বিক্রি করতে হলে ডিসিজিআই’র শর্ত মানতে হবে।
যা হলো, সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে তাদের টিকাসংক্রান্ত সব ধরনের চলমান ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য সরবরাহ করবে।
টিকাদানের পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না, সে দিকেও দুই সংস্থাকে নজর রাখতে হবে।
খোলা বাজারে বিক্রির অনুমোদন পাওয়ার জন্য গত বছরের ২৫ অক্টোবর ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে আবেদন করেছিলেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) অধিকর্তা প্রকাশ কুমার সিং।
এরপর সপ্তাহ দুয়েক আগে ভারত বায়োটেকের পূর্ণ সময়ের অধিকর্তা ভি কৃষ্ণা মোহন এ বিষয়ে যাবতীয় তথ্য জমা দেন।
সেই তথ্যের ভিত্তিতে খোলা বাজারে বিক্রির জন্য আবেদন চাওয়া হয়।