ভয়াবহ তুষারঝড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটির পূর্ব উপকূলজুড়ে আঘাত হানা এই তুষারঝড় গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর।
ইতোমধ্যেই পাঁচটি মার্কিন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এসব এলাকায় শক্তিশালী ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে তুষারঝড় কবলিত এলাকাগুলোতে হাজারও ফ্লাইট বাতিল করা হয়েছে।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কিছু কিছু এলাকা যে পরিমাণ বরফে ঢেকে যেতে পারে সেটি হবে ‘ঐতিহাসিক’।
এছাড়া উপকূলবর্তী ও এর আশপাশের এলাকায় বন্যা হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
অন্যদিকে প্রতিকূল এই আবহাওয়ার কারণে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পুরো উত্তর-পূর্বাঞ্চলে রোববারজুড়ে খুব ঠান্ডা তাপমাত্রা বজায় থাকতে পারে।
নরইস্টার নামে পরিচিত এই তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বোস্টন এলাকা ২ ফুট বরফে ঢেকে যেতে পারে।