ইন্টারনেটের ছোঁয়ায় বদলে গেছে অনেক কিছুই।
বিভিন্ন ক্ষেত্রের মতো পরিবর্তন এসেছে ভিক্ষাবৃত্তিতেও!
কোভিড পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান অনলাইনে সম্পন্ন হচ্ছে।
এ ছাড়া, ইদানীং অনলাইনে টাকা দেওয়া-নেওয়ার মাত্রাও জনপ্রিয় হয়ে উঠেছে।
কিন্তু অনলাইনের মাধ্যমে কাউকে ভিক্ষাবৃত্তি করতে দেখেছেন কখনো?
এমন কাণ্ডই ঘটিয়েছেন রাজু প্যাটেল নামে মধ্যবয়সী এক ব্যক্তি।
ভারতের বিহার রাজ্যের বেতিয়া স্টেশন চত্বরে ঘুরে বেড়ানো সেই ভিক্ষুকের গল্প এখন অন্তর্জালে ভাইরাল।
তিনি ডিজিটাল মাধ্যমেই ভিক্ষা গ্রহণ করছেন।
পথচারীদের কাছ থেকে ভিক্ষা চাইতে তিনি গলায় ঝুলিয়েছেন কিউআর কোড।
স্ক্যান করে সহজেই সাধ্যমতো আপনি তাকে আর্থিক সাহায্য করতে পারবেন।
দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাজু প্যাটেল বিহারের বেতিয়ার বাসিন্দা। এখন বয়স ৪০।
কয়েক দশকে তার অবস্থার কোনো পরিবর্তন না হলেও সময় পাল্টে গেছে। এসেছে ডিজিটাল যুগ। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেছেন রাজু প্যাটেলও।