করোনাভাইরাস মহামারির কারণে গত ২ বছরে বিভিন্ন দেশের মধ্যে চলাচলকারী উড়োজাহাজের ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তবে মহামারি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে বিভিন্ন দেশে কোয়ারেন্টিন ও অন্যান্য বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।
কোথাও কোথাও ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য বিধিনিষেধ প্রত্যাহার ও শিথিল করা হয়েছে।
এ অবস্থায় আবারও সামনে এসেছে পুরনো সমস্যা।
নির্ধারিত সময়ে ফ্লাইট না ছেড়ে তা ‘বিলম্বিত’ হচ্ছে।
মনে করুন আপনি বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে বসে আছেন।
হতাশায় আক্রান্ত হয়ে বারবার তাকাচ্ছেন তথ্য প্রদর্শনকারী ডিজিটাল স্ক্রিনে। মিনিটে মিনিটে পেছাচ্ছে ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় আর সঙ্গে আপনার পরবর্তী সংযোগ ফ্লাইট, হোটেল বুকিং কিংবা গুরুত্বপূর্ণ কোনো বৈঠকে অংশগ্রহণ ঢেকে যাচ্ছে অনিশ্চয়তায়।
দীর্ঘ অপেক্ষার শেষে যখন আপনার জন্য নির্ধারিত গেটের নম্বর জানতে পারলেন, তখন হয়তো ১৫ মিনিট হেঁটে সেখানে পৌঁছাতে হয়।
পৌঁছানোর পরও বেশ খানিকটা সময় বসে থাকতে হয়।
সাম্প্রতিক সময়ে প্রতিদিন রাতে ৮ ঘণ্টা করে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়েটি বন্ধ থাকায় ফ্লাইটে বিলম্বসহ বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরেও বিভিন্ন কারণে ফ্লাইটের বিলম্ব হয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, গত বছরের দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ ফ্লাইট বিলম্বিত হয়েছিল।
২০২১ সালে সামগ্রিকভাবে ১৬ শতাংশ মার্কিন ফ্লাইট বিলম্বিত হয়।
ইসরায়েলের স্টার্টআপ প্রতিষ্ঠান ইন্টেলঅ্যাক্ট দাবি করেছেন তারা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার তৈরি করেছেন, যেটি এ বিলম্বের সমস্যা সমাধান করতে পারবে।
তাদের মতে, বিলম্বের পেছনে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী তথাকথিত ‘টার্নঅ্যারাউন্ড’ সেবা, যার মাঝে অন্তর্ভুক্ত আছে ফ্লাইটের আগে ও পরে উড়োজাহাজ পরিষ্কার করা, পরবর্তী যাত্রার জন্য জ্বালানী, খাদ্য ও পানীয়সহ অন্যান্য উপকরণ রিফিল করা, যাত্রীদের মালামাল সরানো এবং লোড করা।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও উড়োজাহাজ সংস্থার বসানো নিরাপত্তা ও পর্যবেক্ষণকারী ক্যামেরা ব্যবহার করে ইন্টেলঅ্যাক্টের এআই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে টার্নঅ্যারাউন্ড সেবায় যেকোনো ধরনের বিলম্ব চিহ্নিত করতে পারে।