রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা ক্রমশ যুদ্ধের দিকে গড়াচ্ছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা, যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া।
এমন পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের পূর্ব ইউরোপের দেশটি ছেড়ে আসতে বলেছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার একটি টুইট করেছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস।
সেটিতে বলা হয়েছে, রাশিয়ার সম্ভাব্য আক্রমণ নিয়ে উত্তেজনার মধ্যে ইউক্রেন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ভারতীয় নাগরিকদের যেকোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইটের সন্ধান করা উচিত।
টুইটে শেয়ার করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের পরিস্থিতির বিষয়ে ক্রমাগত উচ্চস্তরের উত্তেজনা এবং অনিশ্চয়তা বাড়ছে।
এমন পরিপ্রেক্ষিতে সব ভারতীয় নাগরিক, যাদের থাকা অপরিহার্য বলে মনে করা হয় না এবং সব ভারতীয় শিক্ষার্থীদের অস্থায়ীভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
ভারতীয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘চার্টার ফ্লাইটের আপডেটের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাশাপাশি যেকোনো আপডেটের জন্য দূতাবাসের ফেসবুক, ওয়েবসাইট এবং টুইটার ফলো করার কথা বলা হয়েছে।’
