‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যেই হোক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।
সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর বিএনপি কার্যালয়ের সামনে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে মহানগর বিএনপি মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের জন্যই দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়।
এখনো সময় আছে চাল ডাল তেলের দাম কমাও, গ্যাস বিদ্যুৎ পানির দাম কমাও এবং জনগণের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন।
সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে।
নির্বাচনের আগে আওয়ামীলীগ বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু এখন ৬০ টাকার নিচে চাল নেই। সয়াবিন ২০০ টাকা কেজি।
মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বিএনপির ৬০০ নেতাকর্মীকে সরকার গুম করেছে। হাজারো মানুষ হত্যা করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে।
এর জন্য জবাব দিতে হবে।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দের পরিচালনায় ও মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, মাহমুদুল হক রুবেল, ডা. মাহবুবুর রহমান লিটন, শাহ শহীদ সারোয়ার, হাসান জাকির তুহিন, সাইফুল আলম মিলন, জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ, কাজী রানাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.