মাদক মামলায় মাসের পর মাস তদন্তের পর আরিয়ান খানের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। তদন্তে বেরিয়ে এসেছে, কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ নন শাহরুখপুত্র, অপরাধও করেননি তিনি।
সংবাদ প্রতিদিন জানিয়েছে, গত বছরের ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে (প্রমোদতরী) অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
সেখান থেকেই আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাকে আটক করা হয়। পরে আর্থার রোড জেলে রাখা হয় শাহরুখ খানের ছেলেকে।
গ্রেফতারের ২৮ দিন পর জামিনে ৩০ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান আরিয়ান খান।
সেখানে আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন শাহরুখ।
ভিড় ঠেলে ছেলেকে দ্রুত গাড়িতে তুলে ‘মান্নাত’-এর দিকে রওয়ানা করেন তিনি।
