মমতার বিমানের মুখোমুখি চলে এসেছিল আরেকটি বিমান
উত্তর প্রদেশের বারাণসী থেকে শুক্রবার বেসরকারি প্রতিষ্ঠানের বিমানে কলকাতা ফেরার পথে সমস্যায় পড়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানটি হঠাৎ পাঁচ-ছয় হাজার ফুট থেকে নেমে হাজারদুয়েক ফুটে চলে এলে মমতা কোমরে ব্যথা পান।
প্রাথমিকভাবে এ জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ খারাপ আবহাওয়াকে দায়ী করলেও মমতা সোমবার বললেন, তাঁর বিমানের মুখোমুখি চলে এসেছিল আরেকটি বিমান।
সোমবার বিধানসভা অধিবেশনের আগে সাংবাদিকদের আকাশে বিপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনা ঘটতে পারত।
অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
মুখোমুখি একই লাইনে চলে এসেছিল দুটি বিমান।
কিন্তু তাদের পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে নামিয়ে আনেন বিমানটিকে।
তাতেই শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
গত শুক্রবার ঘটনার পরই অবশ্য অন্য বিমানের মুখোমুখি হওয়ার গুঞ্জন উঠেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ আবহাওয়াসংক্রান্ত সমস্যার কথা বললেও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
বিমান বিভ্রাটের এ ঘটনার তদন্ত করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
তারা আবহাওয়াসংক্রান্ত সমস্যার যে কথা বলেছিল, তা সোমবার পর্যন্ত বদলায়নি।