গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে নারী ব্যাংক কর্মকর্তা তানিয়া আক্তার ও সজীব হোসেন নামের দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বুধবার স্থানীয় শৈলারগাতি ও মরকুন এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ উভয় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত তানিয়া আক্তার (২৬) নরসিংদী জেলা সদরের বাদুয়ারচর গ্রামের কাজল মিয়ার মেয়ে এবং সজীব হোসেন (১৯) নেত্রকোনার পূর্বধলা থানার ধলা যাত্রাবাড়ী গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মৃত তানিয়ার পরিবার শৈলারগাতি এলাকার হক সাহেবের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
তিনি টঙ্গীতে ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন।
বেলা আনুমানিক ১১টার দিকে ব্যাংক থেকে বাসায় এসেই রুমের দরজা বন্ধ করে দেন।
পরে রুমের দরজা বন্ধ দেখে তার মা জানালার ফাঁক দিয়ে দেখতে পান ফ্যানর সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন তানিয়া।
এসময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে অচেতন অবস্থায় তানিয়াকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সস্ত্রীক মরকুন জয়নাল হাওলাদারের বাড়ির ভাড়া বাসায় থাকতেন সজীব।
তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
সকাল ১০টায় তার স্ত্রী লিমাকে বসত ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা ভিতর হতে বন্ধ করে দেন সজীব।
দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে তার স্ত্রী বিকাল পৌনে ৪টার সময় ডাকাডাকি করতে থাকেন।
কোন সাড়া শব্দ না পেয়ে জানালার গ্রীলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সজীবকে ঝুলে থাকতে দেখে চিৎকার শুরু করেন তার স্ত্রী।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
