বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানের কাছ থেকে ইজারা নেয়া শতাধিক উড়োজাহাজের ব্যবহার অব্যাহত রাখবে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির এয়ারলাইনসগুলোকে এ নির্দেশনা দিয়েছেন। এ-সংক্রান্ত এক আইন পাসের মাধ্যমে উড়োজাহাজগুলো তালিকাবদ্ধ করার পাশাপাশি ফ্লাইট চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর এপি।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, নতুন আইন কার্যকরের মাধ্যমে রাশিয়ার এয়ারলাইনসগুলো বিদ্যমান উড়োজাহাজ বহরের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট অব্যাহত রাখার অনুমতি দেয়া হয়েছে।
দেশটির এয়ারলাইনসগুলো যেসব উড়োজাহাজ ব্যবহার করে, সেগুলো ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ডসহ বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠান থেকে ইজারা নেয়া।
গত মাসে, ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদ হিসেবে রাশিয়ার কাছে সব ধরনের উড়োজাহাজ বিক্রি ও ইজারা দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এ নিষেধাজ্ঞার আওতায় ইজারা দেয়া প্রতিষ্ঠানগুলোকে ২৮ মার্চের মধ্যে রুশ এয়ারলাইনসগুলোর সঙ্গে বিদ্যমান চুক্তি বাতিল করতে হবে।
গত সপ্তাহে রাশিয়ার এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি এয়ারলাইনসগুলোকে বিদেশী উড়োজাহাজ দেশের বাইরে না নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে।
অন্যদিকে সামরিক আগ্রাসনের কারণে পশ্চিমা দেশগুলো থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠান রাশিয়ায় খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ পরিষেবা বন্ধ করে দিয়েছে।
বিশ্লেষকরা রাশিয়ায় থাকা উড়োজাহাজগুলোর বীমা এখনো রয়েছে কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
দেশটিতে বিদেশী প্রতিষ্ঠানের সরবরাহকৃত উড়োজাহাজের সংখ্যা ৫০০ বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় অধিকাংশ উড়োজাহাজ রাশিয়ার অভ্যন্তরেই ছিল।