ইউক্রেনের আকাশসীমা রক্ষাসহ রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ানোর বিষয়টি আবারও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।
তবে এ যুদ্ধ আরও বছর খানেক চলতে পারে এমন আশঙ্কার কথাও জানান তিনি।
মঙ্গলবার স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও জার্মানি, যুক্তরাষ্ট্র কিংবা ফ্রান্সের যুদ্ধে জড়ানোর আশঙ্কা একেবারেই কম।
তবে ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে চলা সামরিক অভিযানের কারণে কঠোর নিষেধাজ্ঞা প্রাপ্য মস্কোর।
আর নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
এদিকে রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর মস্কো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।
এক বিবৃতিতে স্টলটেনবার্গ আরও জানান, রাশিয়ার বিপক্ষে কিংবা ইউক্রেনের হয়ে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা ন্যাটো বাহিনীর নেই।
তবে রুশ হামলা ঠেকাতে ন্যাটো স্লোভেনিয়া ও পশ্চিম ইউক্রেনের পোল্যান্ড সীমান্তে যুক্তরাষ্ট্রের ‘পেট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে বলে দাবি করেন স্টলটেনবার্গ।