বিমান বাংলাদেশ এয়ারলাইনস কয়েক বছর ধরেই ঢাকা থেকে কানাডার টরন্টোতে সরাসরি ফ্লাইট চালুর কথা বলে আসছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২৬ মার্চ থেকে টরন্টো ফ্লাইট শুরু হতে যাচ্ছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সব প্রস্তুতি সম্পন্ন না করেই বিমান কর্তৃপক্ষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে দিয়েছে।
তাই ওই দিন একটি পরীক্ষামূলক ফ্লাইট যাবে।
নিয়মিত ফ্লাইট কবে শুরু হবে, সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পরে এ বিষয়ে কথা হয় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে।
তিনি গত রোববার বলেন, টরন্টোতে সরাসরি ফ্লাইট পরিচালনায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তবে শেষ মুহূর্তে কানাডীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টরন্টো বিমানবন্দরে বোর্ডিং সিস্টেম অটোমেশন–প্রক্রিয়া সম্পন্ন করতে আরও ১২ সপ্তাহ লাগবে।
বিমানের উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত টরন্টোতে অফিস নিতে পারেনি।
সেখানে জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ, বোর্ডিং সিস্টেম অটোমেশন প্রক্রিয়াসহ কিছু কার্যক্রম বাকি আছে।
এসব কার্যক্রম শেষ করে টরন্টো ফ্লাইট পরিচালনা করতে অন্তত জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
গত সপ্তাহে কানাডার কর্তৃপক্ষ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) জানিয়েছে, বোর্ডিং সিস্টেম অটোমেশন–প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে আরও ১২ সপ্তাহ সময় লাগবে।
প্রথম আলো