টানা ছুটিতে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের।
বিনোদনপ্রেমীরা মেতেছেন জেড স্কি, ঘোড়া, টিউব, ছবি তোলা ও নোনাজলে।
এতে আয় বেড়েছে সৈকতের হকারদের।
টুরিস্ট পুলিশের দাবি, পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে সুগন্ধা পয়েন্টে দেখা যায়, সাগরতীরের কাছাকাছি রয়েছে জেড স্কি। এতে চড়েই নীল জলরাশি উপভোগে কয়েক মিনিটের জন্য ঘুরছেন পর্যটকরা।
আর প্রবেশদ্বারের বালিয়াড়িতে ঘোড়ায় চড়ে অনেক পর্যটক ঘুরছেন, আবার অনেকেই ঘোড়ার পিঠে উঠে ছবি তুলছেন।
শুধু ওয়াটার বাইক বা ঘোড়া নয়, টানা ছুটিতে কক্সবাজার সৈকতে আসা পর্যটকরা সাগরের নোনাজলে টিউবে গা ভাসাচ্ছেন।
আবার অনেকে ঢেউয়ের সঙ্গে গোসলে মেতেছেন।
আর আনন্দের এসব দৃশ্যের স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি।
