যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শরণার্থীদের রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। তাদের রক্ষায় বিশ্বের সব দেশের নাগরিকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উদ্বাস্তু সমস্যার মুখোমুখি হয়েছিলাম।
এবার ৩০ লাখ ইউক্রেনীয় শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।
আরও ৮০ লাখ থেকে ১ কোটি শরণার্থী চলতি সপ্তাহে আসতে পারে।
এমন পরিস্থিতিতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সব দেশ সম্মিলিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছি।
আমি মনে করি, ইইউর সব দেশই শরণার্থীদের সমান ভাগে ভাগ করে নিতে আগ্রহী।
এ সময় ইউক্রেন থেকে দেশটির সাধারণ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়াসহ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীদের চাপ কমানোর বিষয়ে কাজ চলছে বলেও জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
এর আগে ইউক্রেনের শরণার্থীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ৮০ লাখ ইউরো অর্থ সহায়তা এবং নিরাপদ আবাসস্থল তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জার্মান মন্ত্রী।
