বুধবার নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিক্টার-ভেনসেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন ও সুইডেনের রাষ্ট্রদূত আলেকজেন্ড্রা বার্গ ভন লিন্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সম্ভাব্য সব ক্ষেত্রে কৌশলগত যোগাযোগের লক্ষ্যে সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষেই সহযোগিতার নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের সঙ্গে স্ক্যান্ডিনেভীয় দেশ তিনটির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান।
এ সময় কূটনীতিকরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অব্যাহত সহায়তা প্রদানের ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে ৫০ বছর ধরে স্ক্যান্ডিনেভীয় দেশ তিনটি আমাদের ঘনিষ্ঠ সহযোগী।’
এ সময় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সমর্থনে এই তিনটি দেশের উল্লেখযোগ্য ভূমিকা এবং যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে তাদের সাহায্য ও সহযোগিতার কথা স্মরণ করেন।