পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক জীবন সংকটে পড়েছে।
ইমরানের দলের (পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ, পিটিআই) কয়েকজন মিত্র ও বিরোধী দলের নেতাদের অনাস্থা প্রস্তাব এবং সেনাবাহিনীর সমর্থন হারানোয় তার এ অবস্থা।
এমন পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রীকে তার দলের মিত্র ও নেতাকর্মীদের চাঙা করতে পদক্ষেপ নিতে বলছেন বিশ্লেষকরা।
বুধবার পিটিআই নেতাদের একটি প্রতিনিধি দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সঙ্গে দেখা করেছে। মিত্র দলগুলোকে শান্ত করার শেষ প্রচেষ্টা হিসেবে তারা এ সাক্ষাৎ করে।
সরকারের একটি সূত্র সংবাদমাধ্যম ডনকে জানায়, পিটিআইয়ের রাজনৈতিক কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খানকে অবহিত করা হয়েছিল যে, তাদের মিত্ররা বিরোধী শিবিরে যোগ দিয়েছে এবং অনাস্থা প্রস্তাবে তার বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।