সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার নিউইয়র্ক ট্রেডিংয়ে টুইটারের শেয়ার ২৭ শতাংশের বেশি বেড়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ পর্যন্ত টেসলার প্রতিষ্ঠাতা সামাজিক যোগাযোগমাধ্যমটির ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮টি শেয়ার কিনে নেন; যার মূল্য ২৮৯ কোটি ডলার।
বর্তমানে কোম্পানিটির বৃহত্তম শেয়ারহোল্ডার ইলন মাস্ক।
২ দশমিক ২৫ শতাংশ শেয়ারের মালিক টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির চেয়ে চারগুণ বেশি শেয়ারের মালিক তিনি।
ইলন মাস্ক একজন নিয়মিত টুইটার ব্যবহারকারী।
তার ৮ কোটির বেশি ফলোয়ার রয়েছে।
যদিও সম্প্রতি তিনি নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করার বিষয়ে ‘গুরুত্বসহ চিন্তা’ করছেন।
তিনি স্পেসএক্স এবং নিউরালিংকসহ তার মালিকানাধীন কোম্পানিগুলোর আপডেট জানাতে নিয়মিত টুইটার ব্যবহার করেন।