ইউক্রেন যুদ্ধের জেরে রুশ অর্থনীতি পঙ্গু করে দিতে আরও শক্তপোক্তভাবে মাঠে নামছে ইউরোপ।
গত এক মাসে মস্কোর ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে তারা।
এবার দেশটি থেকে কয়লা, কাঠ, রাসায়নিকসহ মূল্যবান বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করতে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় কমিশন।
মঙ্গলবারের এক সভায় কমিশনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বলা হচ্ছে, ইউরোপীয় দেশগুলো এসব পণ্য আমদানি নিষিদ্ধ করলে বছরে প্রায় ৯০০ কোটি ইউরো বা ৯৮৬ কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে রাশিয়া।
সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, রাশিয়া থেকে বার্ষিক আরও এক হাজার কোটি ইউরো সমমূল্যের সেমিকন্ডাক্টর, কম্পিউটার, এলএনজি প্রযুক্তিসহ অন্যান্য ইলেক্ট্রিক্যাল ও পরিবহন সরঞ্জাম আমদানি নিষিদ্ধের প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রুশ জাহাজ ও ট্রাকগুলো ইইউভুক্ত ২৭ দেশে প্রবেশ করতে পারবে না।
তবে জ্বালানি পণ্য, খাদ্য ও ওষুধের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে।