ভুয়া খবর ছড়ানোয় ২২টি ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করলো ভারত

ভারতের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং সরকার সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মোট ২২টি ইউটিউব চ্যানেলকে ‘ব্লক’ করে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ব্লক করা চ্যানেলগুলির মধ্যে চারটি চ্যানেল পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। বাকিগুলি এ দেশেরই।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খবর আনন্দ বাজারের।

শুধু ২২টি ইউটিউব চ্যানেলই নয়, তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি সংবাদের ওয়েবসাইটকেও ব্লক করা হয়েছে বলে সরকার সূত্রে জানানো হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, একাধিক ইউটিউব চ্যানেলে ভারতের সশস্ত্র বাহিনী, জম্মু-কাশ্মীর-সহ বিভিন্ন বিষয়ে ভুয়া খবর পরিবেশন করা হত।
সেই চ্যানেলগুলোকে বন্ধ করা হয়েছে। পাশাপাশি সরাসরি পাকিস্তান থেকে একাধিক নেটমাধ্যম অ্যাকাউন্টে ধারাবাহিক ভাবে ভারত-বিরোধী খবর প্রকাশিত হচ্ছিল, সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে।’

সরকার সূত্রে খবর, এই ইউটিউব চ্যানেলগুলিতে এমন ভাবে সংবাদ পরিবেশন করা হত যে, এক ঝলকে দেখে মনে হতে পারে, সেগুলি জনপ্রিয় কোনও ভারতীয় চ্যানেলের ইউটিউব সংস্করণ।
আসলে, সে সবই ভুয়া।
এ ভাবেই অত্যন্ত পরিকল্পিত ভাবে ভারত-বিরোধী বিষয় ছড়িয়ে দেওয়ার কাজ চলছিল।

এই নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে একই অভিযোগে মোট ৭৮টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.