ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা।
আগামী ৬ মাসের মধ্যে এই সংকট কাটিয়ে উঠতে দেশটির ৩০০ কোটি ডলার সহায়তা প্রয়োজন।
এই অর্থ দিয়ে জ্বালানি ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের গতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।
২ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রের বিভিন্ন স্থান দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এছাড়া ওষুধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ভয়াবহ সংকট তৈরি হয়েছে।
ফলে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি আরও জোরালো হয়ে উঠছে।
বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।
চলতি সপ্তাহে নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলি সাবরি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তার প্রথম সাক্ষাতকারে তিনি বলেন, এটি একটি কঠিন কাজ।
চলতি মাসেই আন্তর্জাতিক আর্থিক তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।